মে ১৯, ২০২৬, ১২:৩৩ পিএম
ছবি: সংগৃহীত
অসুস্থ বিএনপি নেতা মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়ার হাসপাতালে গেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রাজনৈতিক বিভেদ থাকলেও মানবিক কারণে এই সাক্ষাৎকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
বর্তমানে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দলীয় সূত্র জানিয়েছে, শারীরিক অবস্থার উন্নতি হলেও এখনও তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং নিয়মিত ফিজিওথেরাপি চলছে।
মঙ্গলবার হাসপাতালে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন মিয়া গোলাম পরওয়ার। এ সময় তিনি মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। তাদের সঙ্গে আরও কয়েকজন রাজনৈতিক নেতা উপস্থিত ছিলেন।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, সৌজন্য সাক্ষাতের অংশ হিসেবেই তিনি হাসপাতালে যান। দেশের রাজনৈতিক অঙ্গনে মতপার্থক্য থাকলেও সংকটের সময়ে মানবিক সম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন সংশ্লিষ্টরা।
গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য প্রথমে সিঙ্গাপুর এবং পরে মালয়েশিয়ায় নেওয়া হয় তাকে।