নিজের জ্বালানি থাকতে বিদেশ থেকে কেন আমদানি করব: বিদ্যুৎমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১২, ২০২৬, ০২:৪৩ পিএম

নিজের জ্বালানি থাকতে বিদেশ থেকে কেন আমদানি করব: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ | ছবি: সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকার দেশ শাসন করেছে এবং তারা দেশীয় সম্পদকে অবহেলা করে আমদানি নির্ভরতার ব্যবস্থা তৈরি করেছিল। তিনি বলেন, বর্তমান সরকার দেশীয় জ্বালানি সম্পদ আহরণের মাধ্যমে উন্নয়ন ত্বরান্বিত করতে চায়।

মঙ্গলবার দুপুরে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি মিলনায়তনে স্থানীয় সংসদ সদস্য, কয়লা খনি, তাপ বিদ্যুৎ কেন্দ্র এবং মধ্যপাড়া পাথর খনির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা গত নির্বাচনে নির্বাচিত হয়েছি। আমাদের প্রধানমন্ত্রী মনে করেন, আমরা জনগণের সরকার। জনগণের যে সম্পদ আছে সেই সম্পদ আহরণ করতে চাই এবং দেশের উন্নতির জন্য সবচেয়ে আগে দরকার জ্বালানি। আমাদের নিজেদের জ্বালানি থাকতে আমরা বিদেশ থেকে কেন আমদানি করব। সেজন্য আমরা বসেছিলাম, কীভাবে সবাইকে সন্তুষ্ট করে, সবাইকে একত্রিত করে আমরা যেন নিজের দেশের জ্বালানি আহরণ করতে পারি এবং দেশের উন্নয়নের জন্য ব্যবহার করতে পারি।

কয়লা বিদ্যুৎ কেন্দ্র ব্যবহারের বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে আলোচনা হয়েছে এবং একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বড়পুকুরিয়ার তাপবিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি উৎপাদনে যেতে না পারার কারণ সম্পর্কে প্রশ্নের জবাবে তিনি বলেন, গত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকারের আমলে এটি হয়েছে। বর্তমান সরকার সেটি সমাধানে কাজ করছে এবং তিনটি ইউনিট একসাথে চালুর চেষ্টা চলছে।

এ সময় সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন এমপি এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত ছিলেন। পরে তিনি মধ্যপাড়া পাথর খনি ও বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে বিদ্যমান সমস্যা নিয়ে আলোচনা করেন।

Link copied!