বিআরটিএর নম্বরপ্লেট ও আরএফআইডি ছাড়া গাড়ির বিরুদ্ধে অভিযানে নামছে ডিএমপি

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১২, ২০২৬, ০৩:৩৪ পিএম

বিআরটিএর নম্বরপ্লেট ও আরএফআইডি ছাড়া গাড়ির বিরুদ্ধে অভিযানে নামছে ডিএমপি

ছবি: সংগৃহীত

রাজধানীতে ডিজিটাল নম্বরপ্লেট ও আরএফআইডি ট্যাগ ছাড়া চলাচলকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আগামী সপ্তাহ থেকে এসব যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

সোমবার ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়কে চলাচলকারী সব নিবন্ধিত যানবাহনে বিআরটিএ নির্ধারিত ডিজিটাল নম্বরপ্লেট ব্যবহার বাধ্যতামূলক। নির্ধারিত রং, ডিজাইন ও আকারের বাইরে কোনো নম্বরপ্লেট ব্যবহার করা যাবে না।

তবে বাস্তবে এখনো অনেক যানবাহনে ডিজিটাল নম্বরপ্লেট ও আরএফআইডি ট্যাগ ব্যবহার করা হচ্ছে না বলে জানিয়েছে ডিএমপি। কিছু যানবাহনে আবার নম্বরপ্লেটের পরিবর্তে রং দিয়ে নম্বর লিখে চলাচল করতে দেখা যাচ্ছে।

পুলিশ বলছে, এ ধরনের অনিয়মের কারণে যানবাহন শনাক্তকরণ এবং ট্রাফিক ব্যবস্থাপনায় জটিলতা তৈরি হচ্ছে। বিশেষ করে অপরাধ তদন্ত ও নজরদারির ক্ষেত্রে ডিজিটাল নম্বরপ্লেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ডিএমপি আরও জানিয়েছে, যেসব গাড়ির মালিক ইতোমধ্যে ফি পরিশোধ করেও ডিজিটাল নম্বরপ্লেট সংগ্রহ করেননি বা আরএফআইডি ট্যাগ অকার্যকর অবস্থায় রেখেছেন, তাদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

নির্ধারিত সময়ের পর নিয়ম না মানা যানবাহনের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

Link copied!