মে ১২, ২০২৬, ০৩:১১ পিএম
ছবি: সংগৃহীত
বিরল হান্টাভাইরাসের সংক্রমণ নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগের মধ্যে শেষ পর্যন্ত স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জ ত্যাগ করেছে প্রমোদতরী ‘এমভি হন্ডিয়াস’। সব যাত্রীকে নিরাপদে নামিয়ে দেওয়ার পর মঙ্গলবার জাহাজটি নেদারল্যান্ডসের উদ্দেশে রওনা হয়।
আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, আর্জেন্টিনা থেকে আটলান্টিক পাড়ি দেওয়ার সময় জাহাজটিতে হান্টাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। পরে যাত্রীদের মধ্যে অন্তত সাতজনের শরীরে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়। আরও একজনকে সন্দেহভাজন আক্রান্ত হিসেবে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ইতোমধ্যে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এতে আন্তর্জাতিক স্বাস্থ্য মহলে উদ্বেগ তৈরি হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এটি করোনাভাইরাসের মতো সহজে ছড়ায় না এবং সাধারণ মানুষের জন্য বড় ধরনের ঝুঁকিও তৈরি করছে না।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং সংশ্লিষ্ট দেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ফ্রান্সের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, আক্রান্তদের মধ্যে এক নারীকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। তবে বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।
চিকিৎসাবিজ্ঞানীরা জানিয়েছেন, হান্টাভাইরাস সাধারণত ইঁদুরজাতীয় প্রাণীর মাধ্যমে ছড়ায়। এ ভাইরাসের নির্দিষ্ট কোনো টিকা বা কার্যকর চিকিৎসা এখনো নেই। তাই আক্রান্তদের উপসর্গভিত্তিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
ডাচ পতাকাবাহী জাহাজটি আগামী রোববার রটারডাম বন্দরে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেখানে পৌঁছানোর পর পুরো জাহাজে জীবাণুমুক্তকরণ কার্যক্রম চালানো হবে।
বর্তমানে জাহাজটিতে ২৫ জনের বেশি ক্রু সদস্য ও চিকিৎসাকর্মী অবস্থান করছেন। এছাড়া যাত্রাপথে মারা যাওয়া এক জার্মান নাগরিকের মরদেহও এখনো জাহাজে রয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।