ডুয়েটে ভিসি নিয়োগ নিয়ে সংঘর্ষ: অজ্ঞাতনামা ২৫০ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৯, ২০২৬, ০১:২০ পিএম

ডুয়েটে ভিসি নিয়োগ নিয়ে সংঘর্ষ: অজ্ঞাতনামা ২৫০ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

ছবি: সংগৃহীত

গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যের যোগদানকে কেন্দ্র করে বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা করেছে পুলিশ।

সোমবার গাজীপুর সদর থানায় দায়ের করা মামলায় ২০০ থেকে ২৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন আমিনুল ইসলাম। তবে মামলার বাদীর নাম প্রকাশ করেনি পুলিশ।

ওসি আমিনুল ইসলাম জানান, ডুয়েটের নতুন উপাচার্যের যোগদানকে কেন্দ্র করে কয়েক দিন ধরেই শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা চলছিল। এর মধ্যে রোববার শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে গেটের বাইরে থাকা পুলিশ সদস্য, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাত হোসেন এবং সাধারণ শিক্ষার্থীসহ ১৪ থেকে ১৫ জন আহত হন।

এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অজ্ঞাতপরিচয় ২০০—২৫০ জনকে আসামি করে মামলা হয়েছে।

গত বৃহস্পতিবার মোহাম্মদ ইকবালকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এর বিরোধিতা করে সেদিন রাত থেকেই আন্দোলনে নামেন একদল শিক্ষার্থী। তাদের দাবি ছিল, ডুয়েটের উপাচার্য ডুয়েট থেকেই নিয়োগ দিতে হবে।

আন্দোলনের মধ্যে যোগদান করতে গিয়ে রোববার বিশ্ববিদ্যালয়ের ফটক থেকে ফিরে যেতে বাধ্য হন নতুন উপাচার্য। তার যোগদানকে কেন্দ্র করে সেদিন ক্যাম্পাসে শিক্ষার্থীদের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, যাতে বেশ কয়েকজন আহত হন।

পরে উপাচার্য পুলিশ পাহারায় পাশের উপজেলা পরিষদ কার্যালয়ে আশ্রয় নেন। সেখানে বসেই তিনি দায়িত্ব গ্রহণ করেন এবং পরে শিক্ষকদের সঙ্গে অনলাইনে সভা করেন। সোমবারও তিনি ক্যাম্পাসে যাননি, তবে গাজীপুরে অবস্থান করছিলেন বলে সংশ্লিষ্ট কয়েকজন জানিয়েছেন।

এদিকে মঙ্গলবার সকালেও ডুয়েটের প্রধান ফটকের সামনে বিক্ষিপ্তভাবে কয়েকজনকে অবস্থান করতে দেখা গেছে। তবে সকাল ১০টা পর্যন্ত নতুন উপাচার্য ক্যাম্পাসে পৌঁছাননি।

Link copied!