ছবি: সংগৃহীত
তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় দায়িত্ব নেওয়ার পরপরই নতুন বিতর্কে জড়িয়েছেন। নিজের ব্যক্তিগত জ্যোতিষী রাধন পণ্ডিত ভেট্রিভেলকে মুখ্যমন্ত্রীর বিশেষ কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
রাজ্যের সংগীত বিতর্কের রেশ কাটতে না কাটতেই এই নিয়োগ নিয়ে জোটসঙ্গী কংগ্রেসসহ বিভিন্ন মহল প্রশ্ন তুলেছে। বিরোধী দল ডিএমকেও বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে।
রাধন পণ্ডিত শুধু জ্যোতিষী নন, তিনি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাঝাগমের (টিভিকে) মুখপাত্র হিসেবেও পরিচিত। নির্বাচনের আগে থেকেই তিনি দলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করেছেন। ভোট গণনার দিন টিভিকে অপ্রত্যাশিতভাবে এগিয়ে যেতে শুরু করলে তিনিই প্রথম বিজয়ের বাসভবনে গিয়ে দেখা করেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।
রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে, নির্বাচনে বিজয়ের বড় জয় হবে এমন পূর্বাভাসও দিয়েছিলেন এই জ্যোতিষী। এরপরই তাকে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে নিয়োগ দেওয়া হয়।
এই সিদ্ধান্তে অস্বস্তি প্রকাশ করেছে কংগ্রেস। দলটির সংসদ সদস্য শশীকান্ত সেন্থিল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রশ্ন তুলে লিখেছেন, “একজন জ্যোতিষীর জন্য ওএসডি পদ কেন প্রয়োজন, তা আমি বুঝতে পারছি না।”
তামিলনাড়ুর রাজনীতিতে জ্যোতিষীদের প্রভাব নতুন নয়। অতীতেও রাজ্যের প্রভাবশালী নেতাদের সঙ্গে জ্যোতিষীদের ঘনিষ্ঠ সম্পর্কের খবর সামনে এসেছে। রাধন পণ্ডিতের সঙ্গে সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতারও ঘনিষ্ঠতা ছিল বলে জানা যায়। তবে পরে কিছু রাজনৈতিক ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণিত হওয়ায় তাদের সম্পর্কের অবনতি ঘটে।
সাম্প্রতিক নির্বাচনে তামিলনাড়ুর ২৩৪ আসনের মধ্যে বিজয়ের দল টিভিকে ১০৭টি আসনে জয় পায়। একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় কংগ্রেস, সিপিআই, সিপিএম ও ভিসিকের সমর্থনে সরকার গঠন করেন তিনি।
তবে সরকার গঠনের পরই জ্যোতিষীকে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে বসানোর সিদ্ধান্ত নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিল।