সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৩, ২০২৬, ১২:২৮ পিএম

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন

ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন। আজ (বুধবার) সকাল ১০টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার পরিবারের পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বার্ধক্যজনিত নানা জটিলতায় তিনি কয়েক সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চট্টগ্রাম-১ (মীরসরাই) আসন থেকে ১৯৭৩, ১৯৮৬, ১৯৯৬, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন। তিনি ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান প্রণেতাদের একজন ছিলেন।

রাজনৈতিক জীবনে তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া বিভিন্ন সময়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

১৯৪৩ সালের ১২ জানুয়ারি চট্টগ্রামের মিরসরাই উপজেলায় জন্মগ্রহণ করেন মোশাররফ হোসেন। তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে মাধ্যমিক এবং স্যার আশুতোষ সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। পরে ১৯৬৬ সালে লাহোরের ইঞ্জিনিয়ারিং ও কারিগরি বিশ্ববিদ্যালয় থেকে মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অক্টোবর মাসে তাকে গ্রেপ্তার করা হয়। পরে ২০২৫ সালের আগস্টে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে তিনি জামিনে মুক্তি পান।

Link copied!