নতুন ডিজাইনের ৫ টাকার নোট বাজারে ছাড়ল সরকার

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৯, ২০২৬, ০১:৩১ পিএম

নতুন ডিজাইনের ৫ টাকার নোট বাজারে ছাড়ল সরকার

অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার স্বাক্ষরিত ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন ডিজাইন ও বৈশিষ্ট্যের ৫ টাকা মূল্যমানের ব্যাংক নোট মুদ্রণ করা হয়েছে। ১৯ মে থেকে নোটটি বাজারে প্রচলন করা হবে।

মঙ্গলবার (১৯ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।

এতে জানানো হয়, নোটটি প্রাথমিকভাবে ১৯ মে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরবর্তীতে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও ইস্যু করা হবে।

নতুন ৫ টাকা মূল্যমানের নোটটির আকার নির্ধারণ করা হয়েছে ১১৭ মিলিমিটার × ৬০ মিলিমিটার। নোটের সম্মুখভাগের বাম পাশে তারা মসজিদ-এর ছবি এবং মাঝখানে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার নকশা ব্যবহার করা হয়েছে। অন্যদিকে, নোটের পিছনভাগে ‘গ্রাফিতি-২০২৪’-এর ছবি মুদ্রিত রয়েছে।

নোটটিতে জলছাপ হিসেবে ‘রয়েল বেঙ্গল টাইগারের মুখ’-এর নিচে উজ্জ্বল ইলেকট্রোটাইপ জলছাপ ‘5’ এবং ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রাম’ সংযোজন করা হয়েছে। নোটে হালকা গোলাপি রঙের আধিক্য রাখা হয়েছে।

এছাড়া নোটের বাম দিকে ২ মিলিমিটার চওড়া নিরাপত্তা সুতা ব্যবহার করা হয়েছে, যা কাগজের ভেতরে প্রবিষ্ট এবং আলোর বিপরীতে ধরলে উভয় দিক থেকেই দেখা যায়। নোটের সম্মুখভাগের নিচের গ্রিউইশ প্যাটার্নের উপরে Microprint হিসেবে অসংখ্য ‘BANGLADESH’ শব্দও মুদ্রিত রয়েছে।

অর্থ বিভাগ জানিয়েছে, নতুন ডিজাইনের ৫ টাকার নোট চালুর পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগজের নোট ও ধাতব মুদ্রাও যথারীতি বৈধ থাকবে।

এদিকে মুদ্রা সংগ্রাহকদের কথা বিবেচনায় রেখে নিয়মিত নোটের পাশাপাশি ৫ টাকা মূল্যমানের নমুনা (Specimen) নোটও মুদ্রণ করা হয়েছে। বিনিময়যোগ্য নয় এমন এসব নমুনা নোট বাংলাদেশ ব্যাংক কারেন্সি মিউজিয়াম থেকে নির্ধারিত মূল্যে সংগ্রহ করা যাবে।

Link copied!