এসএসসি নিয়ে নতুন পরিকল্পনার কথা জানালেন শিক্ষামন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৩, ২০২৬, ১২:০৮ পিএম

এসএসসি নিয়ে নতুন পরিকল্পনার কথা জানালেন শিক্ষামন্ত্রী

একজন শিক্ষার্থীর এসএসসি শিক্ষা কার্যক্রম ১০ বছরের একদিনও বেশি সময় না লাগে, সে লক্ষ্য নিয়ে পরিকল্পনা করছে সরকার। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে আজই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

আজ (বুধবার) ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ও ওমেরা রিনিউয়েবল এনার্জি লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাখাতে কোনো ধরনের কার্পণ্য করা হচ্ছে না। এসএসসি ও এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়ে সম্পন্ন করতে এবং সেশনজট এড়াতে সরকার কার্যক্রম হাতে নিয়েছে।

তিনি আরও বলেন, ‘এসএসসি শেষ করতে ১০ বছরের একদিনও যাতে সময় বেশি না লাগে তার পরিকল্পনা করেছে সরকার। এ নিয়ে আজই বৈঠক হবে। বৈঠক শেষে সিদ্ধান্ত আসবে।’

দেশের উন্নয়নে দক্ষ ও উৎপাদনশীল মানবসম্পদ গড়ে তুলতে সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।

অনুষ্ঠানে রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল জাবের হোসেন বলেন, নতুন চুক্তির ফলে প্রতিষ্ঠানটির বিদ্যুৎ ব্যবহার ৩০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত কমে আসবে। তিনি জানান, ওমেরা সোলার নবায়নযোগ্য জ্বালানি ও টেকসই উন্নয়নের কার্যক্রম শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই শুরু করতে চায়।

তিনি আরও বলেন, দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য এ উদ্যোগ একটি মডেল হতে পারে। ৬০০ ওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষম এই প্রকল্প ভবিষ্যতে অনুকরণীয় উদাহরণ হিসেবে কাজ করবে এবং এর সুফল পাবে শিক্ষার্থীরা।

Link copied!