দেশে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৪, ২০২৬, ০২:৫২ পিএম

দেশে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

ছবি: সংগৃহীত

দেশে হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা ২০২৬ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তালিকা অনুযায়ী বর্তমানে দেশের মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন।

আজ (বৃহস্পতিবার) দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ের এনআইডি শাখার মহাপরিচালক এএইচএম আনোয়ার পাশা স্বাক্ষরিত এ তালিকা প্রকাশ করা হয়।

হালনাগাদ চূড়ান্ত তালিকায় বলা হয়েছে, দেশে বর্তমানে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার ১ হাজার ২৪৩ জন।

গত ২০২৫ সালের ১৮ নভেম্বর পর্যন্ত মোট ভোটার ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। নতুন হালনাগাদ তালিকায় ভোটার বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জনে। অর্থাৎ ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার ৩০০ জন, যা প্রায় ০.০৫ শতাংশ বৃদ্ধি।

এর আগে গত ১২ এপ্রিল ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, ১৪ মে দেশের হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

ইসির পরিকল্পনা অনুযায়ী, ২০২৫ সালের ২৪ নভেম্বরের পর যারা নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন এবং যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে—তাদের তথ্য যাচাই-বাছাই শেষে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত সফলভাবে নিবন্ধন সম্পন্নকারীদের তথ্যই চূড়ান্ত তালিকায় স্থান পায়। ইসির নির্ধারিত সময়সূচি অনুযায়ী ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের প্রাথমিক খসড়া ২০ এপ্রিল প্রকাশ করা হয়। পরে ৩ মে পর্যন্ত ভুল সংশোধন ও ভোটার এলাকা স্থানান্তরের আবেদন নেওয়া হয় এবং ৬ মে পর্যন্ত তা নিষ্পত্তি শেষে ১৪ মে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।

Link copied!