জঙ্গল সলিমপুরে নির্মাণ হবে দেশের অত্যাধুনিক কারাগার

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৭, ২০২৬, ০২:৩৬ পিএম

জঙ্গল সলিমপুরে নির্মাণ হবে দেশের অত্যাধুনিক কারাগার

ছবি: সংগৃহীত

এক সময় সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে এবার গড়ে তোলা হচ্ছে দেশের আধুনিক মানের নতুন কারাগার। প্রাথমিকভাবে চট্টগ্রাম মহানগর আদালতে বিচারাধীন মামলার প্রায় দুই হাজার আসামিকে এখানে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে।

এ জন্য সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করে আইনশৃঙ্খলা বাহিনীর আওতায় আনা এই এলাকায় ৭০ একর জমি বরাদ্দ চাওয়া হয়েছে। নতুন এই কারাগারে শুধু বন্দি রাখাই নয়, পুনর্বাসনের ব্যবস্থাও থাকবে।

বহুল আলোচিত জঙ্গল সলিমপুরকে এক সময় ‘রাষ্ট্রের ভেতরে আরেকটি রাষ্ট্র’ বলা হতো, যেখানে দীর্ঘদিন সন্ত্রাসী গোষ্ঠীর নিয়ন্ত্রণ চলত। স্থানীয় দেড় লাখের বেশি মানুষ সেখানে সন্ত্রাসীদের জিম্মিতে ছিলেন বলে জানা যায়। একাধিক উচ্ছেদ অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীকে বাধার মুখেও পড়তে হয়েছে। এমনকি কয়েক মাস আগে র‌্যাব সদস্যকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনাও ঘটে।

এখন সেই এলাকাতেই আধুনিক কারাগার নির্মাণের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। জেলা প্রশাসন এরই মধ্যে ৭০ একর জমি বরাদ্দের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে।

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া জানান, বর্তমান চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার অতিরিক্ত বন্দির চাপে কার্যত অকার্যকর হয়ে পড়েছে। তিনি বলেন, ‘চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ১৪০ বছরের পুরোনো স্থাপনাটির ধারণক্ষমতা ২ হাজার ২৪৯ জন হলেও বর্তমানে সেখানে ৬ হাজার ৩৩৮ জন বন্দি রয়েছে।’

তিনি আরও জানান, মহানগর আদালতে বিচারাধীন মামলায় আটক প্রায় দুই হাজার বন্দিকে নতুন কারাগারে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে।

কারা কর্তৃপক্ষের ডিআইজি (প্রিজন) মো. ছগির মিয়া বলেন, নতুন কারাগার নির্মিত হলে মেট্রো এলাকার হাজতি ও কয়েদিদের আলাদা রাখা সম্ভব হবে, যা ব্যবস্থাপনায় সহায়ক হবে।

পরিকল্পনা অনুযায়ী, নতুন কারাগারটি শুধু আটক রাখার স্থান নয়, বরং এখানে থাকবে শিক্ষা, খেলাধুলা ও পুনর্বাসনের ব্যবস্থা। আধুনিক প্রযুক্তির মাধ্যমে বন্দিদের দক্ষতা উন্নয়নের সুযোগও রাখা হবে, যাতে তারা মুক্তির পর স্বাভাবিক জীবনে ফিরতে পারে।

জেলা প্রশাসক আরও বলেন, আধুনিক কারাগারের ধারণা অনুযায়ী এখানে সীমিত শিক্ষার পরিবেশ, খেলাধুলা এবং প্রযুক্তিগত প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে।

চট্টগ্রামের সীতাকুণ্ড, হাটহাজারী এবং নগরীর বায়েজিদ, পাহাড়তলী ও খুলশী এলাকার সীমান্তবর্তী পাহাড়ি এই অঞ্চল প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। সংশ্লিষ্টরা বলছেন, পরিবেশের ক্ষতি না করে পরিকল্পিতভাবে কারাগার নির্মাণ করা গেলে এটি একটি আধুনিক স্থাপনায় রূপ নিতে পারে।

চট্টগ্রামের হিউম্যান রাইটস ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান বলেন, প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ণ রেখে পরিকল্পিতভাবে কারাগার নির্মাণ করা হলে তা মানবাধিকার ও উন্নয়নের দৃষ্টিকোণ থেকে ইতিবাচক উদ্যোগ হতে পারে।

সব মিলিয়ে এক সময়ের অশান্ত জঙ্গল সলিমপুর এখন ধীরে ধীরে রূপ নিচ্ছে নিরাপত্তার আওতায় আনা একটি আধুনিক অবকাঠামোর দিকে, যেখানে অপরাধ সংশোধন ও পুনর্বাসনের নতুন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা এগিয়ে চলছে।

Link copied!