ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০৯:৪৫ পিএম
মাহদী আমিন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা। ফাইল ছবি
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে সারাদেশের ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের জন্য সম্মানী ভাতা চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে ভাতার পরিমাণ এখনো চূড়ান্ত হয়নি। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন ঈদের আগেই পরীক্ষামূলকভাবে কয়েকটি এলাকায় এই কার্যক্রম শুরু করা হবে।
শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষা, বৈদেশিক কর্মসংস্থান ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করেন।
মাহদী আমিন বলেন, নির্বাচনের আগে ধর্মীয় নেতাদের জন্য মাসিক সম্মানী ও উৎসব ভাতা দেওয়ার প্রতিশ্রুতি ছিল সরকারের। সেই প্রতিশ্রুতির আলোকে আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, পর্যায়ক্রমে ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের পাশাপাশি অন্যান্য ধর্মের ধর্মগুরুদেরও সম্মানী ভাতার আওতায় আনা হবে। ঈদের আগেই কিছু এলাকায় এই উদ্যোগ বাস্তবায়ন শুরু হবে।
তিনি আরও জানান, সম্মানীর পরিমাণ ও কাঠামো নির্ধারণে সংশ্লিষ্ট দপ্তরগুলো কাজ করছে। বাস্তবায়নের আগে প্রয়োজনীয় প্রস্তুতি ও তালিকা প্রণয়নের কাজ শেষ করা হবে।
এ ছাড়া বৈঠকে কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ব্যবস্থার সংস্কার, টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষার প্রসার এবং দক্ষ জনশক্তি তৈরির বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান উপদেষ্টা। সরকারি ও বেসরকারি চাকরির পাশাপাশি উদ্যোক্তা তৈরি এবং বিদেশে দক্ষ জনশক্তি পাঠাতে নীতিমালা সংস্কারের বিষয়টিও আলোচনায় এসেছে।
মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের কাছে জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে সরকার দ্রুত কাজ শুরু করবে। খুব শিগগিরই এসব সিদ্ধান্তের বাস্তব প্রতিফলন মানুষ দেখতে পাবে বলে আশাবাদ প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, ১৭ ফেব্রুয়ারি শপথ নেওয়ার পর এটি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক। প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল সচিবালয়ে।