ফেব্রুয়ারি ২১, ২০২৬, ১২:৪১ পিএম
ছবি : সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নবনির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা সরাইলে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারেননি।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে শহীদ মিনার এলাকায় বাধার মুখে পড়ে তিনি পুষ্পস্তবক অর্পণ না করেই এলাকা ত্যাগ করেন।
স্থানীয় সূত্র জানায়, রাতের প্রথম প্রহরে রুমিন ফারহানা নেতাকর্মীদের সঙ্গে শহীদ মিনারে পৌঁছান। এ সময় সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টারের নেতৃত্বে একদল যুবক সেখানে এসে স্লোগান দেয় ও বিশৃঙ্খলা সৃষ্টি করে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে অপ্রীতিকর ঘটনা এড়াতে তিনি ফুল না দিয়েই সরে যান।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে রাত সাড়ে ১২টার দিকে তাঁর সমর্থকেরা সরাইলের শাহবাজপুর এলাকায় ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে দুই পাশে অন্তত ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা পর পুলিশ হস্তক্ষেপ করলে যান চলাচল স্বাভাবিক হয়।
রুমিন ফারহানা অভিযোগ করে বলেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকে পরিকল্পিতভাবে তাঁকে বাধা দেওয়া হয়েছে, দলের ভেতরে এ ধরনের আচরণ রাজনৈতিকভাবে ক্ষতিকর এবং এ বিষয়ে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
তিনি জানান, ঘটনার পরিপ্রেক্ষিতে মামলার প্রস্তুতি চলছে এবং এ ঘটনায় তাঁর এক কর্মী আহত হয়েছেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভূঁইয়া বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার ভিডিও ফুটেজ ও তথ্য যাচাই করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।