যাত্রা শুরু ভোর সাড়ে ৬টা থেকে

রমজানে মেট্রোরেলের বিশেষ সময়সূচি ঘোষণা

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ১১:১৩ এএম

রমজানে মেট্রোরেলের বিশেষ সময়সূচি ঘোষণা

ছবি: সংগৃহীত

রমজান মাসের অফিস সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি নির্ধারণ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। 

১ রমজান থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত এই বিশেষ সময়সূচি কার্যকর থাকবে।


সোমবার ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।


নতুন সময়সূচি অনুযায়ী, রমজান মাসে প্রতিদিন উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম মেট্রোরেল ছেড়ে যাবে সকাল সাড়ে ৬টায়। একই স্টেশন থেকে দিনের সর্বশেষ ট্রেন ছাড়বে রাত সাড়ে ৯টায়। অপরদিকে, মতিঝিল স্টেশন থেকে সকালে প্রথম ট্রেন চলবে সোয়া ৭টায় এবং শেষ ট্রেন ছেড়ে যাবে রাত ১০টা ১০ মিনিটে।


ডিএমটিসিএল জানিয়েছে, শুক্রবার, শনিবার ও অন্যান্য সরকারি ছুটির দিনের মেট্রোরেল চলাচলের সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। এসব দিনে আগের নির্ধারিত সময়সূচিই বহাল থাকবে।


এদিকে রমজান মাসে যাত্রীদের ইফতারের সুবিধার কথা বিবেচনায় রেখে কিছু নির্দেশনাও দিয়েছে কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাত্রীরা মেট্রোরেল ও স্টেশন এলাকায় সর্বোচ্চ ২৫০ মিলিলিটার পানির বোতল সঙ্গে রাখতে পারবেন। তবে পানি যেন মেট্রোট্রেন, প্ল্যাটফর্ম বা কনকোর্সে না পড়ে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।


একই সঙ্গে ব্যবহৃত পানির বোতল নির্দিষ্ট ডাস্টবিনে ফেলতে হবে এবং কোনো অবস্থাতেই প্ল্যাটফর্ম, কনকোর্স কিংবা মেট্রোরেলের ভেতরে অন্য কোনো খাবার গ্রহণ করা যাবে না বলে জানানো হয়েছে।
ডিএমটিসিএল আশা করছে, এই বিশেষ সময়সূচির মাধ্যমে রমজান মাসে অফিসগামী ও সাধারণ যাত্রীদের যাতায়াত আরও সহজ ও সুশৃঙ্খল হবে।

Link copied!