প্রথমবারের মতো শহীদ মিনারে জামায়াত আমির

বাসস

ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০৮:৪৩ এএম

প্রথমবারের মতো শহীদ মিনারে জামায়াত আমির

ছবি:বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রথমবারের মতো কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার একুশের প্রথম প্রহরে ১১ দলীয় জোটের সংসদ সদস্যদের সঙ্গে নিয়ে তিনি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

জামায়াতের কোনো আমিরের সরাসরি শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধা জানানোর ঘটনা এবারই প্রথম।

প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যদের শ্রদ্ধা নিবেদনের পর তিন বাহিনীর প্রধানরা ফুল দেন। এরপর শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলের সংসদ সদস্যরা শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, আখতার হুসেইনসহ অন্যরা।

ফুল দেওয়ার পর শফিকুর রহমান মোনাজাত পরিচালনা করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হলে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এতদিন জামায়াত শহীদ মিনারে না এলেও এবার তার উপস্থিতি ছিল রাষ্ট্রীয় দায়িত্বের অংশ।

“রাষ্ট্রীয় আচার হিসেবে এটি আমার দায়িত্ব। বিরোধী দলীয় নেতা হিসেবে সহকর্মীদের নিয়ে এখানে আসা কর্তব্য বলেই আমি এসেছি,” বলেন তিনি।

শহীদ মিনারে ফুল দেওয়া দলটির কাছে এখনো ‘নাজায়েজ’ কি না—এমন প্রশ্নে কিছুটা অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “এমন একটি পবিত্র দিনে এ ধরনের প্রশ্ন না করাই ভালো।”

পরে তিনি বিরোধী দলের নেতাদের সঙ্গে নিয়ে আজিমপুর কবরস্থানে গিয়ে ভাষা শহীদদের কবরে দোয়া ও মোনাজাত করেন।
 

Link copied!