ব্যাংক খালি করে ৮০ লাখ কোটি টাকা লুট করা হয়েছে: মির্জা ফখরুল

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৯, ২০২৬, ০৬:০৬ পিএম

ব্যাংক খালি করে ৮০ লাখ কোটি টাকা লুট করা হয়েছে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিয়মকালে কথা বলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

দেশের ব্যাংকিং খাতকে ধ্বংসস্তূপের মধ্যে রেখে যাওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর দাবি, বিগত সরকারের সময় ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ লুটপাট হয়েছে, যার প্রভাব এখনো দেশের অর্থনীতিতে রয়ে গেছে।

শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকায় এক মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার এমন এক পরিস্থিতিতে দায়িত্ব গ্রহণ করেছে, যেখানে বিভিন্ন খাতে বড় ধরনের সংকট ছিল। ব্যাংকিং খাতের অবস্থার কথা তুলে ধরে তিনি দাবি করেন, আগের সরকারের আমলে ব্যাংক থেকে ৮০ লাখ কোটি টাকা লুট করা হয়েছে। ফলে নতুন সরকারকে অনেক ক্ষেত্রে নতুন করে কাজ শুরু করতে হচ্ছে।

তিনি বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর দেশে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে। এর মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নিতে নির্বাচন ও সংস্কার কার্যক্রম পরিচালিত হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

সাংবাদিকদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তির বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশের আগে তার বক্তব্য নেওয়ার বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে এটি অত্যন্ত প্রভাবশালী মাধ্যম হয়ে উঠেছে। তবে যাচাই ছাড়া প্রচারিত তথ্য অনেক সময় ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য ক্ষতির কারণ হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

সাংবাদিকদের পেশাগত অধিকার নিয়েও কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, সাংবাদিকদের মধ্যে আরও বেশি ঐক্য প্রয়োজন। একই সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা সাংবাদিকরা নিজেদের পেশাগত সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। এ সময় স্থানীয় বিএনপির নেতারাও উপস্থিত ছিলেন।

Link copied!