আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্তে মিলল গাফিলতির প্রমাণ

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৯, ২০২৬, ০২:১৩ পিএম

আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্তে মিলল গাফিলতির প্রমাণ

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রাথমিক তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা ও বিভিন্ন অনিয়মের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. জাহিদ রায়হান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, তদন্তে সংশ্লিষ্ট ওয়ার্ডের অবকাঠামোগত ত্রুটিসহ বেশ কিছু অসঙ্গতি ধরা পড়েছে।

ডা. জাহিদ রায়হান জানান, ঘটনাটি নিয়ে গঠিত তদন্ত কমিটি কাজ শেষ পর্যায়ে রয়েছে। আগামী শনিবারের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। প্রতিবেদনে ঘটনার কারণ এবং দায়-দায়িত্ব সম্পর্কে বিস্তারিত তথ্য উঠে আসবে বলে আশা করা হচ্ছে।

গত সপ্তাহে হাসপাতালটির একটি ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়। এরপর স্বাস্থ্য অধিদপ্তর তদন্ত শুরু করে এবং ঘটনাস্থল পরিদর্শন করে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে।
এদিকে ঘটনার পর আইনি প্রক্রিয়াও শুরু হয়েছে। ঢাকার রমনা থানায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

মৃত এক নবজাতকের স্বজন বাদী হয়ে মামলাটি করেন। মামলায় অবহেলার কারণে শিশু মৃত্যুর অভিযোগ আনা হয়েছে।
 

তদন্ত প্রতিবেদন প্রকাশের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বর্তমানে ঘটনাটির প্রকৃত কারণ এবং দায়ীদের চিহ্নিত করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

Link copied!