মে ২৭, ২০২৬, ০৩:৩৯ পিএম
ছবি : সংগৃহীত
সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, মন্ত্রী হওয়ার পর তাঁর ব্যক্তিগত আর্থিক চাপ আগের তুলনায় বেড়েছে। তিনি জানান, মন্ত্রিত্বকে অনেকে আকর্ষণীয় পদ মনে করলেও বাস্তবে এটি অত্যন্ত কঠিন দায়িত্বের কাজ।
বুধবার দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে দুস্থ ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক এবং ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে চাল বিতরণ করা হয়।
ডা. জাহিদ বলেন, মন্ত্রী হওয়ার আগে তিনি অর্থনৈতিকভাবে বেশি স্বাবলম্বী ছিলেন। বর্তমানে সরকারি বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি। এ কারণে আবার নিয়মিত রোগী দেখা শুরু করেছেন বলে জানান সমাজকল্যাণমন্ত্রী। সপ্তাহে তিন দিন নির্দিষ্ট সময় রোগী দেখে অতিরিক্ত আয় করার চেষ্টা করছেন।
মন্ত্রী আরও বলেন, দায়িত্ব পালনের কারণে তাঁকে ভোর থেকে গভীর রাত পর্যন্ত কাজের মধ্যে থাকতে হয়। তাই মন্ত্রিত্বকে কোনো বিলাসী বা আরামদায়ক পদ হিসেবে দেখার সুযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক প্রসঙ্গও তুলে ধরেন। বিভিন্ন মহলের সমালোচনার জবাবে তিনি বলেন, নির্বাচিত সরকারের মন্ত্রী ও প্রশাসন জনগণের কাছে দায়বদ্ধ। পাশাপাশি আয়কর নথি ও আর্থিক স্বচ্ছতার বিষয়েও তিনি মন্তব্য করেন।
ডা. জাহিদ হোসেন বলেন, শিশু ও নারী নির্যাতনের ঘটনায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। ঈদের পর মাদক, চাঁদাবাজি, দখলদারি এবং নারীদের উত্ত্যক্ত করার ঘটনায় আরও জোরালো অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা এবং রাজনৈতিক নেতারাও উপস্থিত ছিলেন।