সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা আর নেই

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৬, ২০২৬, ১২:৪৫ পিএম

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা আর নেই

ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার দিবাগত রাত ২টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

তার মেয়ে তাসনিম সিনহা সামাজিক যোগাযোগমাধ্যমে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

মিজানুর রহমান সিনহা দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি দলের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়নে তিনি মুন্সীগঞ্জ-২ (টঙ্গিবাড়ী-লৌহজং) আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন। পরে ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ২০২০ সালের ২২ জানুয়ারি বিএনপির সব পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি নেন। পরে ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি তাকে মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-২ আসনে তিনি বিএনপির মনোনয়নও পান। তবে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যান।

১৯৪৩ সালের ১৮ আগস্ট মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ডহুরী গ্রামে তার জন্ম। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী এক্‌মি গ্রুপ–এর ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বেও ছিলেন। সামাজিক ও জনকল্যাণমূলক কাজের জন্য নিজ এলাকায় তিনি পরিচিত ছিলেন।

Link copied!