ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা দবিরুল ইসলাম। ছবি: সংগৃহীত।
ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও উত্তরবঙ্গের প্রবীণ রাজনীতিক আলহাজ্জ দবিরুল ইসলাম মারা গেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, শুক্রবার বিকেলে জানাজা শেষে নিজ এলাকায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
১৯৪৮ সালের ২৯ সেপ্টেম্বর ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন দবিরুল ইসলাম। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। রাজনৈতিক জীবনের শুরু হয় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মাধ্যমে। পরে আওয়ামী লীগে যোগ দিয়ে উত্তরবঙ্গের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেন।
দবিরুল ইসলামের রাজনৈতিক জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল ঠাকুরগাঁও-২ আসন থেকে সাতবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া। প্রথমে কমিউনিস্ট পার্টির প্রার্থী হিসেবে দুটি নির্বাচনে জয়ী হন। পরে আওয়ামী লীগের মনোনয়নে টানা পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি জাতীয় সংসদের একাধিক স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। পাশাপাশি দীর্ঘদিন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বেও ছিলেন।
২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর তাঁর বিরুদ্ধে কয়েকটি মামলা হয়। ওই বছরের অক্টোবরে তিনি গ্রেপ্তার হন এবং দীর্ঘ সময় কারাবন্দি ছিলেন। চলতি বছরের মে মাসে জামিনে মুক্তি পাওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় চিকিৎসার জন্য নেওয়া হয়।
রাজনীতিতে দীর্ঘ পথচলার পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যুতে ঠাকুরগাঁওসহ দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।