সাম্যভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৮, ২০২৬, ০১:৪৬ পিএম

সাম্যভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার দিনে ত্যাগ ও মানবতার চেতনায় বৈষম্যহীন সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় শেষে তিনি এ আহ্বান জানান। এ সময় ঈদগাহে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা মুসল্লিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

ঈদের জামাত শেষে উপস্থিত মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রী। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, কোরবানির মূল শিক্ষা শুধু পশু জবাই নয়, বরং আত্মত্যাগ, মানবিকতা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো।

তিনি বলেন, সমাজে যারা বঞ্চিত ও বৈষম্যের শিকার, তাদের পাশে দাঁড়াতে হবে। সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করেই একটি সাম্যভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, কোরবানি মানুষের ভেতরের অহংকার, লোভ ও নেতিবাচক প্রবৃত্তিকে দূর করার প্রতীকী শিক্ষা দেয়। এ প্রসঙ্গে তিনি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি পঙ্‌ক্তিও উল্লেখ করেন।

ঈদের জামাতে ইমামতি ও খুতবা পরিচালনা করেন আলহাজ মাওলানা মো. খলিলুর রহমান। নামাজ শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মো. বেলাল হোসেন, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Link copied!