মে ২৯, ২০২৬, ০২:০২ পিএম
ছবি : সংগৃহীত
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজনৈতিক মহলকে ষড়যন্ত্র ও চক্রান্তের পথে না গিয়ে সরকারের ভুলত্রুটি গঠনমূলকভাবে তুলে ধরার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ঘোষিত কর্মসূচি জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
রিজভী বলেন, দেশে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ও চক্রান্তের চেষ্টা এখনো অব্যাহত রয়েছে। এসব বিষয় সরকার যথাযথভাবে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে কি না, সেটিও গুরুত্বপূর্ণ বিষয়। তিনি দাবি করেন, যেকোনো ঘটনা সম্পর্কে সরকার অবগত হচ্ছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন।
সাম্প্রতিক আলোচিত রামিসা প্রসঙ্গেও কথা বলেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ওই ঘটনায় আইনগতভাবে সরকারের যা করণীয় ছিল, তা করা হয়েছে।
তিনি বলেন, সরকারের সমালোচনা থাকতেই পারে, তবে তা হওয়া উচিত দায়িত্বশীল ও গঠনমূলক। তিনি বলেন, ভুলগুলো তুলে ধরা গণতান্ত্রিক চর্চার অংশ, কিন্তু কোনো বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে সম্পৃক্ত হওয়া রাষ্ট্র ও দেশের জন্য ক্ষতিকর হতে পারে।
সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, পরাজিত রাজনৈতিক শক্তি বিভিন্নভাবে তৎপরতা চালানোর চেষ্টা করছে এবং নানা ধরনের হুমকি-ধমকি দিচ্ছে।
এ সময় জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপির বিভিন্ন কর্মসূচির কথাও তুলে ধরা হয়।