সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল অনুমোদন করেছিলেন আসিফ মাহমুদ: এলজিআরডি প্রতিমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৩, ২০২৬, ০৬:০০ পিএম

সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল অনুমোদন করেছিলেন আসিফ মাহমুদ: এলজিআরডি  প্রতিমন্ত্রী

ছবি কোলাজ: দ্য রিপোর্ট ডট লাইভ

স্থানীয় সরকার বিভাগ ও এর অধীন বিভিন্ন দফতর-সংস্থার কার্যক্রমে দীর্ঘদিনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করেছে সরকার। আওয়ামী লীগ সরকার এবং অন্তর্বর্তী সরকারের সময়কার বিভিন্ন প্রকল্প ও প্রশাসনিক কার্যক্রম খতিয়ে দেখবে এই কমিটি।

শনিবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, ২০০৯ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত স্থানীয় সরকার বিভাগের অধীন পরিচালিত কার্যক্রম তদন্তের আওতায় আনা হয়েছে। আগামী ৬০ কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকারের সময় একটি প্রকল্পে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল অনুমোদন করেছিলেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি বিধিবহির্ভূত কি না, তাও তদন্ত করে দেখা হবে।

পিরোজপুরের কয়েকটি উন্নয়ন প্রকল্পে বড় ধরনের অনিয়মের অভিযোগ তুলে মীর শাহে আলম বলেন, টেন্ডার প্রক্রিয়া শেষ হলেও বাস্তবে কাজ না করেই প্রায় ৬ হাজার কোটি টাকা উত্তোলন করা হয়েছে। এসব অনিয়মের কারণে গত দুই বছর ধরে জেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বন্ধ রয়েছে।

তিনি জানান, খুব শিগগিরই পিরোজপুরে সরেজমিন পরিদর্শনে যাবেন তিনি। বন্ধ হয়ে থাকা প্রকল্পগুলো পুনরায় চালুর উদ্যোগও নেওয়া হবে।

এলজিআরডি প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের সব জেলার উন্নয়নে সরকার সমান গুরুত্ব দিচ্ছে। গোপালগঞ্জসহ প্রতিটি জেলার উন্নয়ন কার্যক্রম তদারকির নির্দেশনা রয়েছে বলেও জানান তিনি।

Link copied!