মে ২৩, ২০২৬, ০২:৫৯ পিএম
ছবি: ভিডিও থেকে নেওয়া
রাজধানীর পল্লবী এলাকায় শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলায় ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড (ডিএনএ) পরীক্ষার প্রতিবেদন ৭২ ঘণ্টার মধ্যে পাওয়া গেলে ঈদের আগেই মামলার চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
আজ শনিবার রাজধানীতে লিগ্যাল এইডের একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে আলোচনায় উঠে আসে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার বিষয়টি।
আইনমন্ত্রী বলেন, ডিএনএ রিপোর্ট ৭২ ঘণ্টার মধ্যে পেলে, ঈদের আগেই চার্জশিট দেওয়া হবে। ঈদের পর শুরু হবে বিচার।
তিনি আরও বলেন, ডিএনএ রিপোর্ট ছাড়া চার্জশিট দিলে বিচার প্রশ্নবিদ্ধ হবে। সেইসঙ্গে রামিসা ধর্ষণ ও হত্যার বিচার এমনভাবে শেষ করা হবে যাতে জনমনে প্রশ্ন না ওঠে।
মৃত্যুদণ্ড কার্যকরের অনুমোদনের জন্য হাইকোর্টে গেলে পেপার বুক প্রস্তুতে দীর্ঘ সময় লাগে উল্লেখ করে মন্ত্রী বলেন, এটা নিয়ে কাজ করছে সরকার। একইসঙ্গে নেত্রকোনার মেঘলার ঘটনাও মনিটর করছে সরকার।
গত মঙ্গলবার (১৯ মে) সকালে রাজধানীর মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বাথরুম থেকে উদ্ধার করা হয় তার খণ্ডিত মাথা। এ ঘটনায় পল্লবী থানা-য় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
ঘটনার পর প্রথমে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয়। পরে সোহেল রানাকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন তিনি।
নৃশংস এই ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়। ধর্ষক ও ঘাতক সোহেল রানার বিচারের দাবিতে বিভিন্ন মহলে প্রতিবাদ দেখা দেয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান রামিসার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে ন্যায়বিচারের আশ্বাস দেন।