আগস্ট থেকে ঢাকা-রিয়াদে ফ্লাইট চালু করছে সৌদির নতুন এয়ারলাইন

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২২, ২০২৬, ০৯:০১ পিএম

আগস্ট থেকে ঢাকা-রিয়াদে ফ্লাইট চালু করছে সৌদির নতুন এয়ারলাইন

ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বাড়তে থাকা যাত্রী চাহিদার বাজারে যুক্ত হচ্ছে নতুন একটি এয়ারলাইন। সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন নতুন বিমান সংস্থা ‘রিয়াদ এয়ার’ আগামী ১ আগস্ট থেকে ঢাকা-রিয়াদ রুটে দৈনিক সরাসরি ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে।
প্রবাসী কর্মী ও ওমরাহ যাত্রীদের কথা মাথায় রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। নতুন এই এয়ারলাইন যুক্ত হওয়ায় বাংলাদেশ-সৌদি রুটে প্রতিযোগিতা আরও বাড়বে বলে মনে করছেন বিমান খাত সংশ্লিষ্টরা।
 

রিয়াদ এয়ারের বাংলাদেশে জেনারেল সেলস এজেন্ট রিদম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. সোহাগ হোসেন জানান, ফ্লাইট পরিচালনার প্রায় সব প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। ঢাকা-রিয়াদ রুটে প্রতিদিন একটি করে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে তাদের।

তথ্য অনুযায়ী, ফ্লাইটটি দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে এবং এক ঘণ্টা পর রিয়াদের উদ্দেশে ছেড়ে যাবে।

এয়ারলাইনটি ভবিষ্যতে জেদ্দা, দাম্মাম ও মদিনা রুটেও ফ্লাইট চালুর সম্ভাবনা যাচাই করছে। পাশাপাশি চট্টগ্রাম ও সিলেট থেকেও সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতার বেশিরভাগই শেষ হয়েছে। এখন চূড়ান্ত সময়সূচির অনুমোদনের অপেক্ষা চলছে।

বিমান চলাচল বিশ্লেষকরা বলছেন, নতুন এয়ারলাইন যুক্ত হওয়ায় ভাড়া ও সেবার মানে প্রতিযোগিতা বাড়বে। এতে সৌদি আরবে থাকা প্রায় ৩০ লাখ বাংলাদেশি এবং ওমরাহ যাত্রীদের ভ্রমণ আরও সহজ হতে পারে।

২০২৩ সালে যাত্রা শুরু করা রিয়াদ এয়ার সৌদি আরবের ‘ভিশন ২০৩০’ পরিকল্পনার অংশ। দেশটিকে বৈশ্বিক বিমান ও লজিস্টিকস হাব হিসেবে গড়ে তুলতেই নতুন এয়ারলাইনটি চালু করা হয়েছে। ভবিষ্যতে বিশ্বের ১০০টির বেশি গন্তব্যে ফ্লাইট পরিচালনার লক্ষ্য রয়েছে তাদের।

Link copied!