সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে উদ্ধার হওয়া জেলেরা। ছবি : সংগৃহীত
সুন্দরবনের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ২১ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ সময় দস্যুদের সঙ্গে গোলাগুলির ঘটনাও ঘটে। উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গুলি।
শুক্রবার ভোরে খুলনার কয়রা ও দাকোপ উপজেলার সুন্দরবনসংলগ্ন বিভিন্ন খাল এলাকায় পৃথক অভিযান চালায় কোস্ট গার্ড। অভিযানের সময় শিবসা নদীর বড় দুদমুখ এলাকায় জাহাঙ্গীর বাহিনীর সদস্যদের সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি হয়। পরে দস্যুরা বনের ভেতরে পালিয়ে গেলে জিম্মি থাকা জেলেদের উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড জানায়, প্রথম অভিযানে আন্দারমানিক এলাকার টোটা কেওড়াতলা খাল থেকে ১০ জন জেলেকে উদ্ধার করা হয়। পরে আরেক অভিযানে বড় দুদমুখ এলাকা থেকে আরও ১১ জন জেলেকে মুক্ত করা হয়।
অভিযান শেষে ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক, পাঁচ রাউন্ড তাজা কার্তুজ ও একটি খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে।
কোস্ট গার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, সুন্দরবনে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে বিশেষ অভিযান চলমান রয়েছে। এর অংশ হিসেবেই দস্যুদের কবল থেকে জেলেদের উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, খুলনা ও সাতক্ষীরার বিভিন্ন এলাকার জেলেরা মাছ ও কাঁকড়া ধরতে সুন্দরবনে গেলে দস্যুরা তাদের জিম্মি করে মুক্তিপণ দাবি করেছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।