ভালো চাকরির আশায় রাশিয়া গিয়ে যুদ্ধেই প্রাণ গেল মাদারীপুরের যুবকের

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২২, ২০২৬, ০৮:৪৪ পিএম

ভালো চাকরির আশায় রাশিয়া গিয়ে যুদ্ধেই প্রাণ গেল মাদারীপুরের যুবকের

ছবি: সংগৃহীত

ভালো আয় আর পরিবারের স্বচ্ছলতার স্বপ্ন নিয়ে রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন মাদারীপুরের যুবক সুরুজ কাজী। কিন্তু বিদেশে গিয়ে চাকরির বদলে তাকে ঠেলে দেওয়া হয় যুদ্ধের ময়দানে। শেষ পর্যন্ত রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সম্মুখ সারিতেই প্রাণ হারাতে হয়েছে তাকে।

মাদারীপুর সদর উপজেলার দক্ষিণ খাগছড়া গ্রামের এই যুবকের মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের সদস্যদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। একই সঙ্গে দালাল চক্রের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা।

পরিবারের দাবি, প্রায় ১০ মাস আগে সুরুজকে রাশিয়ায় উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখায় স্থানীয় কয়েকজন দালাল। তাদের কথায় বিশ্বাস করে পরিবার ৮ লাখ টাকা জোগাড় করে দেয়। পরে একটি এজেন্সির মাধ্যমে তাকে রাশিয়ায় পাঠানো হয়।
কিন্তু সেখানে পৌঁছে সুরুজ বুঝতে পারেন, তিনি প্রতারণার শিকার হয়েছেন। একপর্যায়ে বাধ্য হয়ে রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিতে হয় তাকে। এরপর তাকে পাঠানো হয় ইউক্রেন সীমান্তের যুদ্ধক্ষেত্রে।

একই গ্রামের বাসিন্দা ও সুরুজের সহপাঠী সাব্বির মাতুব্বর রাশিয়া থেকে পাঠানো এক ভিডিও বার্তায় তার মৃত্যুর খবর পরিবারকে জানান। তিনি বলেন, ড্রোন হামলা ও মাইন বিস্ফোরণের মধ্যে পড়ে নিহত হন সুরুজ।

নিহতের স্বজনরা অভিযোগ করেছেন, মানবপাচারকারী দালালদের কারণেই সুরুজের এমন পরিণতি হয়েছে। তার বড় বোন শারমিন আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, চাকরির কথা বলে তার ভাইকে যুদ্ধের মধ্যে পাঠানো হয়েছে। তিনি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

ঘটনার পর এলাকায় দালাল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি আরও জোরালো হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বিদেশে চাকরির নামে প্রতারণার এমন ঘটনা দিন দিন বাড়লেও অনেক ক্ষেত্রে দোষীরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে।

Link copied!