মে ২২, ২০২৬, ০২:১০ পিএম
ছবি : সংগৃহীত
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ট্রেনযাত্রায় বাড়তি চাপ সামাল দিতে প্রস্তুতি শেষ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এবার প্রতিদিন প্রায় ৬৫ হাজার যাত্রী ট্রেনে ঢাকা ছাড়বেন বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। আন্তঃনগর, কমিউটার ও ঈদ স্পেশাল ট্রেন মিলিয়ে এই যাত্রা পরিচালনা করা হবে।
কমলাপুর রেলওয়ে স্টেশন সূত্র জানায়, ৪৩টি আন্তঃনগর ও ২৩টি কমিউটার ট্রেনে প্রতিদিন প্রায় ৪৫ হাজার যাত্রী ঢাকা থেকে বিভিন্ন জেলায় যাবেন। এছাড়া আসনবিহীন যাত্রী এবং বিশেষ ঈদ ট্রেনের মাধ্যমে আরও প্রায় ২০ হাজার মানুষ বাড়ি ফিরবেন।
সকাল ৬টায় কমলাপুর স্টেশন থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবারের ঈদযাত্রা।
ঈদ উপলক্ষে আগামী রোববার থেকে চালু হচ্ছে বিশেষ ট্রেন সার্ভিসও। যাত্রীদের চাপ কমাতে এবং যাত্রা স্বস্তিদায়ক করতে বাড়তি কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
নিরাপত্তার বিষয়েও জোর দেওয়া হয়েছে। কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশনে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি দুর্ঘটনা এড়াতে ট্রেনের ছাদে ভ্রমণ নিরুৎসাহিত করা হচ্ছে।
রেলওয়ে জানিয়েছে, বিনা টিকিটে স্টেশনে প্রবেশ বা ট্রেনে ভ্রমণের চেষ্টা করলে জরিমানার মুখে পড়তে হবে। যাত্রীদের শৃঙ্খলা মেনে চলার আহ্বানও জানিয়েছে কর্তৃপক্ষ।