মে ২১, ২০২৬, ০৪:৩২ পিএম
ছবি: সংগৃহীত
আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুলের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে দেশের বিভিন্ন রাজনৈতিক ও ঐতিহাসিক ঘটনার নতুন অধ্যায়। এর মধ্যে থাকছে ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব, স্বৈরাচারবিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়ার ভূমিকা এবং জুলাই গণ-অভ্যুত্থানের বিষয়। একইসঙ্গে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ে যোগ করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, সাইবার বুলিং ও মিডিয়া লিটারেসির মতো সমসাময়িক বিষয়।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) নতুন শিক্ষাবর্ষের বই পরিমার্জনের কাজ শুরু করেছে। এ লক্ষ্যে ইতোমধ্যে বিশেষজ্ঞদের নিয়ে কর্মশালাও অনুষ্ঠিত হয়েছে।
এনসিটিবি সূত্র জানায়, পঞ্চম শ্রেণির ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান তুলে ধরা হবে। এছাড়া মাধ্যমিক স্তরের ‘বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা’ বইয়ে যুক্ত হচ্ছে ৭ নভেম্বরের ঘটনা, নব্বইয়ের এরশাদবিরোধী আন্দোলন, শেখ হাসিনাবিরোধী আন্দোলন এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভূমিকা।
বুধবার এনসিটিবির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক। বৈঠক শেষে তিনি বলেন, স্বাধীনতার পর থেকে গণতন্ত্র ও রাষ্ট্র গঠনে যাদের অবদান রয়েছে, তা যথাযথভাবে নতুন বইয়ে অন্তর্ভুক্ত করা হচ্ছে।
এছাড়া নতুন শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণিতে ‘খেলাধুলা ও সংস্কৃতি’ এবং ষষ্ঠ শ্রেণিতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ নামে নতুন বিষয় যুক্ত হচ্ছে। তথ্যপ্রযুক্তি শিক্ষায়ও আনা হচ্ছে বড় পরিবর্তন।
এনসিটিবি জানিয়েছে, নতুন বই ছাপানোর দরপত্র প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। ডিসেম্বরের মধ্যেই সব বই ছাপার কাজ শেষ করার লক্ষ্য রয়েছে। পাশাপাশি নতুন শিক্ষাক্রম প্রণয়নের কাজও এগিয়ে চলছে।