মে ২১, ২০২৬, ০৬:৩১ পিএম
ছবি: সংগৃহীত
ঈদুল আজহার ছুটিতে গ্রাহকদের সুবিধার্থে ব্যাংকের অটোমেটেড টেলার মেশিন (এটিএম) বুথে পর্যাপ্ত নগদ অর্থ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে পয়েন্ট অব সেল (পিওএস), অনলাইন-পেমেন্ট গেটওয়ে এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) সার্বক্ষণিক সচল রাখার বিষয়টিও নিশ্চিত করতে বলা হয়েছে।
আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট (পিএসডি)-২ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এটিএম, পয়েন্ট অব সেল (পিওএস), কিউআর কোড, ইন্টারনেট ব্যাংকিং, অনলাইন-পেমেন্ট গেটওয়ে, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করতে হবে।
এছাড়া এটিএম বুথে সার্বক্ষণিক সেবা নিশ্চিত করা, কোনো কারিগরি ত্রুটি দেখা দিলে দ্রুত সমাধান করা এবং পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ বজায় রাখতে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। বুথে সার্বক্ষণিক নিরাপত্তাকর্মী মোতায়েন ও সংশ্লিষ্ট ব্যাংকের কর্মকর্তাদের নিয়মিত পরিদর্শনের কথাও বলা হয়েছে।
পয়েন্ট অব সেল (পিওএস) সেবার ক্ষেত্রে সার্বক্ষণিক কার্যক্রম চালু রাখা এবং জালিয়াতি রোধে মার্চেন্ট ও গ্রাহকদের সচেতন করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইন্টারনেট ব্যাংকিং, অনলাইন-পেমেন্ট গেটওয়ের ক্ষেত্রে কার্ডভিত্তিক ‘কার্ড নট প্রেজেন্ট’ লেনদেনের ক্ষেত্রে টু ফ্যাক্টর অথেনটিফিকেশন ব্যবস্থা চালু রাখতে হবে। একই সঙ্গে এমএফএস সেবায় সব ব্যাংক বা তাদের সাবসিডিয়ারি কোম্পানিকে নিরবচ্ছিন্ন লেনদেনের ব্যবস্থা ও এজেন্ট পর্যায়ে পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ নিশ্চিত করতে হবে।
ঈদের ছুটিতে নিরাপত্তা বজায় রাখা এবং লেনদেন সংক্রান্ত গ্রাহক হয়রানি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে সার্বক্ষণিক হেল্পলাইন সেবা চালু রাখতে এবং প্রতিটি লেনদেনের তথ্য তাৎক্ষণিক এসএমএস অ্যালার্টের মাধ্যমে গ্রাহককে জানাতে বলা হয়েছে।
এই নির্দেশনা দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার ও পেমেন্ট সিস্টেম অপারেটরের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।