ছবি: সংগৃহীত
এক বছর পর আবারও পেশাদার ফুটবল লিগের শিরোপা ঘরে তুলেছে বসুন্ধরা কিংস। শুক্রবার কুমিল্লায় অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা নিশ্চিত করেছে দলটি।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বসুন্ধরা কিংসের হয়ে প্রথম গোলটি করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার ডরিয়েলটন গোমেজ। ম্যাচের ৭৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। এর ঠিক এক মিনিট পর বাঁ পায়ের দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ করেন সোহেল রানা।
এই জয়ের ফলে ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস।
এটি ক্লাবটির ষষ্ঠ পেশাদার লিগ শিরোপা। সর্বশেষ ২০২৩–২৪ মৌসুমেও শিরোপা জিতেছিল তারা। এর আগে টানা পাঁচটি লিগ শিরোপা জয়ের রেকর্ড গড়লেও গত মৌসুমে মোহামেডানের কাছে শিরোপা হারাতে হয়েছিল বসুন্ধরা কিংসকে।