মে ২২, ২০২৬, ০৮:৫২ পিএম
ঢাকা মহানগর উত্তর বিএনপির পল্লবী কার্যালয়ে আয়োজিত এক যৌথ সভায় সভাপতির বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ছবি: সংগৃহীত।
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যার ঘটনাকে কেন্দ্র করে কেউ বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে বলে সতর্ক করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
শুক্রবার সকালে পল্লবীতে ঢাকা মহানগর উত্তর বিএনপির কার্যালয়ে আয়োজিত এক যৌথ সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় সভাপতির বক্তব্যে আমিনুল হক বলেন, রামিসা হত্যার ঘটনায় বিএনপিও সর্বোচ্চ শাস্তি চায়, তবে সেটি অবশ্যই আইনি প্রক্রিয়ার মাধ্যমেই হতে হবে।
তিনি বলেন, একটি পক্ষ এই ঘটনাকে ঘিরে মানুষের আবেগকে ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য ন্যায়বিচার নয়, বরং পরিস্থিতি উত্তপ্ত করা।
জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে তিনি অভিযোগ করেন, একটি মহল অপপ্রচার ও উসকানিমূলক বক্তব্য দিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। নেতা-কর্মীদের এসব বিষয়ে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি।
আমিনুল হক বলেন, দীর্ঘ সময় স্বৈরাচারবিরোধী আন্দোলন করার অভিজ্ঞতা থেকে সবাইকে এখন আরও সচেতন থাকতে হবে। কেউ যেন বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে কঠোর অবস্থান নেওয়ার কথাও জানান তিনি।
নিজ দলের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, যেখানেই বিশৃঙ্খলার চেষ্টা হবে, সেখানেই ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। অন্যায়কারী যে দলেরই হোক, তাকে ছাড় দেওয়া হবে না।
এ সময় দলীয় ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে তিনি আরও বলেন, মতভেদ থাকলেও সবাই বিএনপির আদর্শের কর্মী। কোনো সহকর্মী আঘাতের শিকার হলে সবাইকে একসঙ্গে তার পাশে দাঁড়াতে হবে।
এর আগে পল্লবী ও রূপনগর এলাকার পঙ্গু ও প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করেন আমিনুল হক।