দেশের বাজারে টানা দুদিন কমল স্বর্ণের দাম

অর্থ-বাণিজ্য ডেস্ক

মে ১৬, ২০২৬, ০১:২৪ পিএম

দেশের বাজারে টানা দুদিন কমল স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ (শনিবার) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। নতুন দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সমন্বয় করা হয়েছে।

নতুন দামের তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ১৫ মে সকালে বাজুস স্বর্ণের দাম সমন্বয় করেছিল, তখন ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছিল।

এ নিয়ে চলতি বছরে দেশে মোট ৬৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো—এর মধ্যে ৩৫ বার দাম বেড়েছে এবং ৩০ বার কমেছে।

এদিকে স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ভরিতে ১১৭ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৬৫৭ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের রুপার দাম ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৪৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।

Link copied!