রামিসা হত্যা মামলায় আসামি পক্ষে লড়বেন না ঢাকা বারের আইনজীবীরা

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২২, ২০২৬, ০১:৪২ পিএম

রামিসা হত্যা মামলায় আসামি পক্ষে লড়বেন না ঢাকা বারের আইনজীবীরা

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় অভিযুক্ত সোহেল রানার পক্ষে ঢাকা আইনজীবী সমিতির কোনো সদস্য মামলা পরিচালনা করবেন না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার সমিতির সাধারণ সম্পাদক আইনজীবী আবুল কালাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আদালত বন্ধ থাকলেও অনলাইনে সমিতির সভাপতি ও অন্যান্য সদস্যদের সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দেশের মানুষের ক্ষোভ ও আবেগের প্রতি সম্মান জানিয়ে এবং এমন অপরাধের বিরুদ্ধে কঠোর বার্তা দিতেই তারা এ অবস্থান নিয়েছেন বলে জানান তিনি।

আবুল কালাম খান বলেন, ঢাকা আইনজীবী সমিতির প্রায় ৩৫ হাজার সদস্য রয়েছেন। তাদের কেউই অভিযুক্ত সোহেলের পক্ষে আদালতে দাঁড়াবেন না।
তবে তিনি উল্লেখ করেন, দেশের আইন অনুযায়ী কোনো আসামি আইনি সহায়তা থেকে বঞ্চিত হতে পারেন না। ফলে প্রয়োজনে রাষ্ট্রের পক্ষ থেকে তার জন্য আইনজীবী নিয়োগ দেওয়া হবে।

গত মঙ্গলবার রাজধানীর পল্লবীতে পাশের ফ্ল্যাটে নিয়ে শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরে পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

এরপর বুধবার আদালতে হাজির হয়ে শিশু রামিসাকে ধর্ষণ ও গলা কেটে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন অভিযুক্ত সোহেল রানা। একই ঘটনায় গ্রেপ্তার হওয়া তার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগারে পাঠানো হয়েছে।

Link copied!