ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের আসন্ন নির্বাচন-২০২৬-এর তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আজ (শনিবার) প্রধান নির্বাচন কমিশনার আহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তফসিল অনুযায়ী, আগামী ৭ জুন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিন সন্ধ্যা ৬টায় নির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে।
নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসেবে ১৭ মে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর ১৮ মে খসড়া তালিকার ওপর আপত্তি গ্রহণ করা হবে এবং ১৯ মে সকালে শুনানি অনুষ্ঠিত হবে। শুনানি শেষে একই দিন বিকালে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
এরপর ২০ ও ২১ মে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে ২১ ও ২২ মে সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
তফসিল অনুযায়ী ২৩ মে মনোনয়নপত্র বাছাই ও তালিকা প্রকাশ করার কথা জানানো হয়েছে। এরপর ২৪ মে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আপিল গ্রহণ এবং দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শুনানি অনুষ্ঠিত হবে।
পাশাপাশি ২৫ মে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সময় নির্ধারণ করা হয়েছে এবং দুপুর ২টায় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এছাড়া পোস্টাল বা ই-ব্যালটের জন্য আবেদন গ্রহণ করা যাবে রাত ১২টা পর্যন্ত।
এছাড়া ১ থেকে ৬ জুন পর্যন্ত পোস্টাল বা ই-ব্যালট প্রেরণ করা হবে এবং ৭ জুন দুপুর ১টার মধ্যে এসব ব্যালট জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে।