২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু, দেশে বাড়ছে হামের সংক্রমণ

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২২, ২০২৬, ০৮:৩৭ পিএম

২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু, দেশে বাড়ছে হামের সংক্রমণ

দেশে হামের প্রাদুর্ভাব আরও উদ্বেগজনক রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে এক হাজারের বেশি শিশু।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও দুই শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪১৪ শিশু। আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৮৫ জন। সব মিলিয়ে এই সময়ে হাম ও উপসর্গজনিত কারণে মোট ৪৯৯ শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৫৪ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে আরও ১ হাজার ২৬১ জন।

সংক্রমণ বাড়তে থাকায় হাসপাতালগুলোতেও চাপ বেড়েছে। একদিনে নতুন করে ১ হাজার ১০৪ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ৭৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ৫৪০ জনে। এর মধ্যে নিশ্চিত রোগী শনাক্ত হয়েছে ৮ হাজার ৩২৯ জন।

এ সময় মোট ৪৭ হাজার ৫১১ রোগী হাসপাতালে ভর্তি হয়। তাদের মধ্যে ৪৩ হাজার ৪১১ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

হামের বিস্তার রোধে অভিভাবকদের শিশুদের টিকাদান নিশ্চিত করার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

Link copied!