সংরক্ষিত নারী আসনে নুসরাতকে নির্বাচিত ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৫, ২০২৬, ১২:৩৯ পিএম

সংরক্ষিত নারী আসনে নুসরাতকে নির্বাচিত ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ

ছবি: সংগৃহীত

জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমকে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (৪ মে) রিটার্নিং কর্মকর্তা নুসরাত তাবাসসুমকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন। একই সঙ্গে এ–সংক্রান্ত গেজেট প্রকাশের সিদ্ধান্ত অনুমোদন করে ইসি। পরে মঙ্গলবার (৫ মে) ৪ মে সই করা গেজেটটি প্রকাশ করা হয়।

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন মোট ৫০টি। এর মধ্যে ৪৯ জন সদস্য গত রোববার শপথ গ্রহণ করেন।

জামায়াত জোট মোট ১৩টি সংরক্ষিত নারী আসন পায়। এর মধ্যে জোটের ১২ জন প্রার্থী ইতোমধ্যে শপথ নিয়েছেন। তবে এই জোট থেকে মোট ১৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাদের মধ্যে মনিরা শারমিনের মনোনয়নপত্র বাছাইয়ে বাতিল হয়।

এদিকে নির্ধারিত সময়ের পরে জমা দেওয়ায় নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র প্রথমে গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা। পরে আদালতের নির্দেশে তার মনোনয়নপত্র গ্রহণ করা হয় এবং বাছাইয়ে তা বৈধ ঘোষণা করা হয়।

সর্বশেষ, নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে ইসি। নিয়ম অনুযায়ী এখন তার শপথ অনুষ্ঠানের আয়োজন করবে সংসদ সচিবালয়।

Link copied!