জাবিতে ধর্ষণচেষ্টা : প্রক্টর অফিসের পর রেজিস্ট্রার ভবনেও তালা

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৭, ২০২৬, ০১:৪৫ পিএম

জাবিতে ধর্ষণচেষ্টা : প্রক্টর অফিসের পর রেজিস্ট্রার ভবনেও তালা

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার এবং প্রক্টরিয়াল বডির পদত্যাগ দাবিতে রেজিস্ট্রার ভবনে তালা ঝুলিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

রোববার সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা ভবনটিতে তালা দেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও অভিযুক্তকে গ্রেপ্তার করতে না পারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতার প্রমাণ।

নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আদৃতা রায় বলেন, ১০০ ঘণ্টার বেশি সময় পার হয়ে গেছে, কিন্তু পলাতক আসামিকে গ্রেপ্তারের কোনো খবর নেই। প্রশাসন তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করছে কি না, সেটিও প্রশ্নের বিষয়।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করা। এ দাবিতে চাপ সৃষ্টি করতেই রেজিস্ট্রার ভবনে তালা দেওয়া হয়েছে। তবে জরুরি প্রয়োজনে শিক্ষার্থীরা ভবনে প্রবেশ ও বের হতে পারবেন বলেও জানান আন্দোলনকারীরা।

এর আগে শনিবার ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তারে ব্যর্থতার অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলমকে অবাঞ্ছিত ঘোষণা করে তার কার্যালয়েও তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা।

Link copied!