‘বেবি বস’ এর ঝড়ে ভাঙল গেইলের ছক্কার রেকর্ড

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৮, ২০২৬, ০২:৪৪ পিএম

‘বেবি বস’ এর ঝড়ে ভাঙল গেইলের ছক্কার রেকর্ড

ছবি : সংগৃহীত

মাত্র ১৫ বছর বয়সেই টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে বিধ্বংসী ইনিংস খেলে ভেঙে দিলেন ক্রিস গেইলের বহুদিনের ছক্কার রেকর্ড। 

 

এরই মধ্যে ‘ইউনিভার্স বেবি বস’ তকমাও পেয়েছেন সূর্যবংশী। তার এই কীর্তিতে মুগ্ধ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসান "ইউনিভার্স বস" খ্যাত গেইল।  ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘অসাধারণ বৈভব সূর্যবংশী, নতুন ‘‘ছক্কা মেশিন।’’’

বুধবার রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে নেমে মাত্র ২৯ বলে ৯৭ রান করেন বৈভব। তার ইনিংসে ছিল ৫টি চার ও ১২টি ছক্কা। ৩৩৪-এর বেশি স্ট্রাইক রেটে খেলা এই ইনিংসের পর চলতি আসরে তার মোট ছক্কার সংখ্যা দাঁড়িয়েছে ৬৫। এর আগে আইপিএলের এক মৌসুমে সর্বোচ্চ ৫৯টি ছক্কার রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার ক্রিস গেইলের।

মাত্র তিন রান দূরে থেকে সেঞ্চুরি হাতছাড়া হলেও ম্যাচজুড়ে দাপুটে ব্যাটিং করেন বৈভব। আইপিএলের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও প্রায় ছুঁয়ে ফেলেছিলেন তিনি। সেই রেকর্ড এখনও গেইলের দখলে থাকলেও তরুণ এই ব্যাটারকে নিয়ে আশাবাদী গেইল। তিনি বলেন, বৈভব একদিন ঠিকই সেই উচ্চতায় পৌঁছাবে।

চলতি আসরে এখন পর্যন্ত ১৫ ইনিংসে ৬৮০ রান করেছেন বৈভব। তার গড় ৪৫-এর বেশি, আর স্ট্রাইক রেট ২৪২-এর ওপরে। একটি সেঞ্চুরি ও চারটি অর্ধশতকের পাশাপাশি তার ব্যাট থেকে এসেছে ৫৫টি চার ও ৬৫টি ছক্কা।

পরিসংখ্যান বলছে, বৈভবের মোট রানের প্রায় ৮৯ শতাংশই এসেছে চার ও ছক্কা থেকে। এর মাধ্যমে তিনি আন্দ্রে রাসেলের পুরোনো রেকর্ডও ছাড়িয়ে গেছেন।

এই ম্যাচে আরও কয়েকটি রেকর্ড গড়েন বৈভব। আইপিএলের নকআউট ম্যাচে দ্রুততম অর্ধশতকের তালিকায় জায়গা করে নেওয়ার পাশাপাশি প্লে-অফে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার নতুন রেকর্ডও গড়েছেন তিনি।

ম্যাচে প্রথমে ব্যাট করে রাজস্থান রয়্যালস তোলে ২৪৩ রান। জবাবে ১৯৬ রানেই অলআউট হয়ে যায় সানরাইজার্স হায়দরাবাদ। এই জয়ে টুর্নামেন্টে টিকে থাকল রাজস্থান।

Link copied!