পাকিস্তানে যাত্রীবাহী ট্রেনে আত্মঘাতী বোমা হামলায় নিহত অন্তত ২৩

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৪, ২০২৬, ০৫:৩৯ পিএম

পাকিস্তানে যাত্রীবাহী ট্রেনে আত্মঘাতী বোমা হামলায় নিহত অন্তত ২৩

ছবি: সংগৃহীত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় যাত্রীবাহী একটি ট্রেনে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭০ জনের বেশি মানুষ। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

রোববার সকালে বিস্ফোরণের পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের তীব্রতায় ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে আগুনে পুড়ে যায়। ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা গেছে।

নিরাপত্তা বাহিনীর উপস্থিতি থাকা একটি এলাকায় এই হামলা চালানো হয় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। বিস্ফোরণে আশপাশের কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সড়কে থাকা যানবাহনও ধ্বংস হয়েছে।

হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান থেকে স্বাধীনতাকামী নিষিদ্ধ সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। এক বিবৃতিতে তারা দাবি করেছে, নিরাপত্তা সদস্য বহনকারী ট্রেনকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে।

ছবি: সংগৃহীত

 

স্থানীয় হাসপাতাল সূত্র জানিয়েছে, আহতদের মধ্যে অনেককে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই হামলাকে ‘কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা’ বলে নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে ভুক্তভোগীদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন তিনি।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সারফরাজ বুগতি বলেছেন, নারী ও শিশুসহ নিরীহ মানুষকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার ঘোষণা দিয়েছেন তিনি।

তেল ও খনিজসম্পদে সমৃদ্ধ বেলুচিস্তান দীর্ঘদিন ধরেই বিচ্ছিন্নতাবাদী সহিংসতার কেন্দ্র হিসেবে পরিচিত। এর আগেও অঞ্চলটিতে ট্রেন, নিরাপত্তা বাহিনী ও সরকারি স্থাপনাকে লক্ষ্য করে একাধিক হামলার ঘটনা ঘটেছে।

Link copied!