হামে একদিনে আরও ১৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজারের বেশি

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৫, ২০২৬, ০৮:২৬ পিএম

হামে একদিনে আরও ১৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজারের বেশি

ছবি: সংগৃহীত

দেশে হামের পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ২২৪ শিশু। এটি চলতি প্রাদুর্ভাবের মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ডগুলোর একটি।

সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১৬ শিশু। এছাড়া পরীক্ষায় নিশ্চিত হওয়া একজন হাম রোগীরও মৃত্যু হয়েছে। এর আগে গত ৪ মে একই সংখ্যক মৃত্যুর তথ্য প্রকাশ করেছিল স্বাস্থ্য অধিদপ্তর।

সরকারি হিসাব বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৫৪৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৮৭ জন এবং উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে ৪৫৮ শিশু।

গত একদিনে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৯৭ শিশু। পাশাপাশি উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১ হাজার ১২৭।

এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৭ শিশু। তবে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ১ হাজার ৪০৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মার্চের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ হাজার ৯৪০ জনে। আর পরীক্ষায় নিশ্চিত রোগীর সংখ্যা ৮ হাজার ৭১৯।

এ পর্যন্ত মোট ৫১ হাজার ৫৮৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৪৭ হাজার ৬১৯ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে।

Link copied!