ছবি: সংগৃহীত
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ে চালু করা হয়েছে একটি কন্ট্রোল রুম।
রোববার এক বার্তায় এ তথ্য জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানায়, কোরবানির চামড়া সুষ্ঠুভাবে সংগ্রহ, সংরক্ষণ, কেনা-বেচা ও পরিবহন ব্যবস্থাপনা নিশ্চিত করতে কন্ট্রোল রুম থেকে তথ্য, পরামর্শ ও প্রয়োজনীয় সেবা দেওয়া হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কন্ট্রোল রুমের নম্বর ০১৬১৭৩৩৮০৬৭। সার্বক্ষণিক এ কন্ট্রোল রুম চালু থাকবে।
আগামী ২৮ মে দেশে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। এ উপলক্ষে সরকার সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
মন্ত্রী বলেন, কোরবানির একটি চামড়াও যেন নষ্ট না হয়; এ বিষয়ে প্রধানমন্ত্রী গুরুত্বারোপ করেছেন। আমরা এটিকে একটি জাতীয় দায়িত্ব ও চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি।
তিনি আরও বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। যথাযথভাবে সংরক্ষণ করা গেলে দেশের চামড়া শিল্প, রফতানি আয় এবং এতিমখানা, মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংগুলোর আর্থিক সক্ষমতা বাড়বে। কিন্তু সামান্য অসচেতনতার কারণে প্রতিবছর বিপুল পরিমাণ চামড়া নষ্ট হয়। এ পরিস্থিতি রোধে সরকার এবার ব্যাপক প্রস্তুতি নিয়েছে।