মে ২৪, ২০২৬, ০৪:০৩ পিএম
বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’ এ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দ্রুত বিচার সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, মামলার বিচার কার্যক্রম আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যেই শেষ হতে পারে।
রোববার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক সংলাপে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনার পর মাত্র সাত ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পরদিন আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। জবানবন্দির ভিত্তিতে অভিযুক্তের স্ত্রীকেও সহযোগী হিসেবে আটক করা হয়েছে।
তিনি জানান, মামলার তদন্ত দ্রুত শেষ করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় সব প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করেছে। ডিএনএ পরীক্ষা, ময়নাতদন্ত প্রতিবেদন ও অন্যান্য আলামত সংগ্রহের কাজ শেষ হয়েছে। ইতোমধ্যে চার্জশিট প্রস্তুত করে আদালতে জমা দেওয়ার প্রক্রিয়াও শেষ পর্যায়ে রয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ সরকারি কৌঁসুলি নিয়োগ দেওয়া হয়েছে। আদালতের ছুটির বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে, যাতে বিচারকাজে কোনো বিলম্ব না হয়।
ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ার বিষয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সমাজে মূল্যবোধের অবক্ষয় এবং অপসংস্কৃতির প্রভাব উদ্বেগজনকভাবে বাড়ছে। এসব অপরাধ ঠেকাতে সামাজিক সচেতনতা ও নৈতিক শিক্ষার প্রয়োজন রয়েছে। তবে সরকার অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, গত কয়েক মাসে সংঘটিত আলোচিত অপরাধগুলোর তদন্তে দ্রুত অগ্রগতি হয়েছে এবং ভবিষ্যতেও এমন ঘৃণ্য অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।