ছবি : সংগৃহীত
ফরিদপুরের ভাঙ্গায় কোরবানির মাংস বণ্টনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, গ্রামের মানুষ ঈদের নামাজ ও কোরবানিও করতে পারেননি।
বৃহস্পতিবার সকালে উপজেলার আলগী ইউনিয়নের পূর্ব আড়ুয়াকান্দী গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় কয়েকটি বাড়িঘরে ভাঙচুরের ঘটনাও ঘটে বলে জানিয়েছে স্থানীয়রা।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গ্রামটি দীর্ঘদিন ধরে দুটি পক্ষ— মোল্লা পক্ষ ও মাতুব্বর পক্ষে বিভক্ত। প্রতি বছর কোরবানির মাংসের একটি অংশ একত্র করে দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয়। তবে এবার সেই মাংস মসজিদে এনে ভাগ করা হবে, নাকি প্রত্যেকে নিজ নিজ বাড়ি থেকে বিতরণ করবে এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ শুরু হয়।
ঈদের জামাত শুরুর আগেই কথা-কাটাকাটি থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ইট-পাটকেল নিক্ষেপের পাশাপাশি দেশীয় অস্ত্রও ব্যবহার করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
সংঘর্ষের ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দুপুর পর্যন্ত কয়েকজন আহত ব্যক্তি চিকিৎসা নিতে হাসপাতালে এসেছেন।
স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাটিকে দুঃখজনক বলে উল্লেখ করেছেন। তাদের ভাষ্য, ঈদের মতো ধর্মীয় উৎসবের দিনে সামান্য বিষয় নিয়ে এমন সহিংসতা অনাকাঙ্ক্ষিত।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানিয়েছে ভাঙ্গা থানা পুলিশ।