ছবি : সংগৃহীত
আজ বৃহস্পতিবার সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ত্যাগ ও আত্মসমর্পণের মহিমায় প্রতি বছরের মতো এবারও ঈদুল আজহা উদযাপনে প্রস্তুত দেশবাসী।
মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসব উপলক্ষে সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ঈদের জামাতে অংশ নিচ্ছেন মুসল্লিরা।
ইসলামের ইতিহাসে হযরত ইব্রাহিম (আ.) ও তাঁর পুত্র হযরত ইসমাইল (আ.)-এর আত্মত্যাগের স্মৃতিকে ঘিরেই ঈদুল আজহার তাৎপর্য গড়ে উঠেছে। মহান আল্লাহর নির্দেশ পালনে তাঁদের আনুগত্য ও ত্যাগ মুসলিম বিশ্বের কাছে বিশেষ গুরুত্ব বহন করে।
সামর্থ্যবান মুসলমানরা এ দিনে পশু কোরবানি করেন। কোরবানির মাংস আত্মীয়স্বজন, প্রতিবেশী ও অসচ্ছল মানুষের মধ্যে বিতরণের মাধ্যমে সমাজে সহমর্মিতা ও ভাগাভাগির চর্চাও বাড়ে।
ঈদ উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দল ও নেতারাও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী, রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায় প্রধান জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন।
প্রধান জামাতকে ঘিরে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। ফায়ার সার্ভিস, চিকিৎসাসেবা, বৃষ্টির পানি নিষ্কাশন ব্যবস্থা এবং অস্থায়ী টয়লেটসহ প্রয়োজনীয় প্রস্তুতি রাখা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মুসল্লিদের জন্য ঈদগাহে তৈরি করা হয়েছে বিশেষ ফটকও।
এদিকে ঈদ উপলক্ষে কয়েক দিনের সরকারি ছুটি চলছে। রাজধানী ছেড়ে অনেক মানুষ ইতোমধ্যে গ্রামের বাড়িতে গেছেন পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে। দেশের বিভিন্ন মসজিদ ও ঈদগাহে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের নামাজ আদায় করছেন মুসল্লিরা।
এদিকে ঈদ উপলক্ষে গত ২৫ মে থেকে দীর্ঘ ছুটি শুরু হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ঈদের মূল ছুটির সঙ্গে নির্বাহী আদেশে ঘোষিত অতিরিক্ত ছুটি মিলিয়ে এ দীর্ঘ ছুটির ব্যবস্থা করা হয়েছে।
ঈদের ছুটিতেও হাসপাতাল, চিকিৎসাসেবা, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, পানি, গ্যাস, ইন্টারনেট ও ডাকসেবাসহ জরুরি সেবাগুলো চালু থাকবে। এসব খাতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত দায়িত্ব পালন করবেন।
সংবাদমাধ্যমেও ঈদ উপলক্ষে পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে ২৭ থেকে ৩১ মে পর্যন্ত সংবাদপত্র প্রকাশিত হবে না।
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। দেশের সব সিএনজি ও ফিলিং স্টেশন খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যাত্রী হয়রানি বা যেকোনো ভোগান্তির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।