শেষ মুহূর্তে বিসিবির পরিচালক পদ থেকে সরে দাঁড়ালেন প্রতিমন্ত্রীর ছেলে

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৭, ২০২৬, ০৭:৪৪ পিএম

শেষ মুহূর্তে বিসিবির পরিচালক পদ থেকে সরে দাঁড়ালেন প্রতিমন্ত্রীর ছেলে

ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক পদে আসার সম্ভাবনা থাকলেও শেষ মুহূর্তে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন রাজশাহী বিভাগের কাউন্সিলর মীর শাকরুল আলম সীমান্ত। পারিবারিক ও ব্যবসায়িক দায়িত্ব বেড়ে যাওয়ায় তিনি বোর্ডে যুক্ত হচ্ছেন না বলে জানিয়েছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হিসেবে নির্বাচিত হওয়া প্রায় নিশ্চিত ছিল সীমান্তের। তবে দায়িত্ব পালনে পর্যাপ্ত সময় দিতে না পারার আশঙ্কা থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

মীর সীমান্ত জানান, বর্তমানে পারিবারিক ব্যবসার বড় অংশের দেখভালের দায়িত্ব তাঁর ওপর রয়েছে। তাঁর বাবা মীর শাহে আলম বর্তমানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। বাবার সরকারি দায়িত্ব বাড়ার পর বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও শেয়ার-সংক্রান্ত বিষয়গুলো এখন তিনিই তদারকি করছেন।

তিনি বলেন, ক্রিকেট বোর্ডের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করতে হলে পর্যাপ্ত সময় ও মনোযোগ প্রয়োজন। কিন্তু বর্তমান বাস্তবতায় ব্যবসা ও অন্যান্য দায়িত্ব সামলে বোর্ডে সক্রিয় থাকা তাঁর জন্য কঠিন হয়ে পড়বে।

সীমান্ত আরও জানান, তিনি একাধিক ফিলিং স্টেশন, অটো রাইস মিল, পুষ্টি চালের কারখানা, আয়োডিন কারখানা, কোল্ড স্টোরেজ, কৃষি ও প্রাণী খামারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ সরাসরি দেখভাল করছেন।

তবে বিসিবির পরিচালক পদে না এলেও দেশের ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্ত থাকার আগ্রহের কথা জানিয়েছেন তিনি। এছাড়াও  একজন ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী হিসেবে ক্রিকেটসহ অন্যান্য খেলাধুলার উন্নয়নে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি। 

এই সিদ্ধান্ত শিগগিরই বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি  তামিম ইকবালকে লিখিতভাবে জানাবেন বলেও উল্লেখ করেছেন মীর সীমান্ত।

Link copied!