দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৭, ২০২৬, ০৮:২২ পিএম

দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদকে ত্যাগ, আত্মশুদ্ধি ও আল্লাহর প্রতি আনুগত্যের শিক্ষা বহনকারী একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব হিসেবে উল্লেখ করেছেন তিনি।

ঈদ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, বছর ঘুরে আবারও মুসলিম উম্মাহর সামনে এসেছে পবিত্র ঈদুল আজহা। এই উপলক্ষে তিনি দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদ মোবারক জানান।

তারেক রহমান বলেন, ঈদুল আজহা শুধু আনন্দের উৎসব নয়, এটি আত্মত্যাগ ও বিশ্বাসেরও প্রতীক। মহান আল্লাহর সন্তুষ্টির জন্য হযরত ইব্রাহিম (আ.)-এর আত্মত্যাগ ও আনুগত্য মুসলমানদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে আছে।

তিনি আরও বলেন, ঈদের এই সময়ে সবাই যেন ত্যাগের শিক্ষা ধারণ করে মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে। একই সঙ্গে আল্লাহর কাছে তিনি দেশের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য দোয়া করেন।

বাণীতে প্রধানমন্ত্রী বিশ্ব মুসলিম উম্মাহ এবং মানবজাতির কল্যাণ কামনা করেন। তিনি বলেন, আল্লাহ যেন সবার কোরবানি ও ইবাদত কবুল করেন এবং মানুষের জীবন শান্তি ও সমৃদ্ধিতে ভরে ওঠে।

Link copied!