এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন চাইলেন আইনমন্ত্রী

শিশু রামিসা হত্যা মামলায় দ্রুত তদন্তের নির্দেশ

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২১, ২০২৬, ১২:৫৯ পিএম

শিশু রামিসা হত্যা মামলায় দ্রুত তদন্তের নির্দেশ

ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংস হত্যার ঘটনায় দ্রুত তদন্ত শেষ করে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিনকে এ নির্দেশনা দেওয়া হয়। আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তদন্তের পাশাপাশি মামলার বিচারকাজও দ্রুত শেষ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন আইনমন্ত্রী। আলোচিত এই ঘটনায় কোনো ধরনের গাফিলতি না রেখে দ্রুত আইনগত প্রক্রিয়া সম্পন্নের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে বুধবার মামলার প্রধান অভিযুক্ত সোহেল রানা আদালতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদের আদালতে তিনি এ জবানবন্দি দেন। একই ঘটনায় গ্রেপ্তার হওয়া তার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগারে পাঠানো হয়েছে।

গত মঙ্গলবার রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় পাশের ফ্ল্যাটে নিয়ে সাত বছরের শিশু রামিসাকে হত্যা করা হয়। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়। পরে শিশুটির পরিবারের পক্ষ থেকে পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

ঘটনার পর থেকেই দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আসছেন স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Link copied!