মে ২৭, ২০২৬, ০২:৩৭ পিএম
ছবি: ভিডিও থেকে নেওয়া।
রাজধানীর মগবাজারে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় প্রাথমিকভাবে চিকিৎসাজনিত জটিলতার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। কর্তৃপক্ষের ধারণা, কোনো প্রযুক্তিগত ত্রুটির কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে।
বুধবার দুপুরে হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান। তিনি বলেন, ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে এবং এখনই চূড়ান্তভাবে কিছু বলা সম্ভব নয়।
তিনি জানান, হাসপাতাল সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, রাত ২টার দিকে এক অভিভাবক শিশুর ঠাণ্ডা লাগার অভিযোগ করলে ওয়ার্ডের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বন্ধ রাখা হয়। প্রায় এক ঘণ্টা পর সেটি আবার চালু করা হয়।
ডা. জাহিদ রায়হান বলেন, ভোর ৪টার দিকে প্রথম একটি শিশু অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হলে কিছুটা সুস্থতা দেখা যায়। এরপর আবার তাকে আগের ওয়ার্ডে ফিরিয়ে নেওয়া হয়। পরে সকাল ৬টার দিকে এক শিশুকে মৃত অবস্থায় দেখতে পান দায়িত্বরত নার্স। এরপর পর্যায়ক্রমে অন্য শিশুরাও অসুস্থ হতে শুরু করলে সবাইকে দ্রুত নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়। সেখানে ছয় শিশুর মৃত্যু হয়।
ঘটনার সময় ওয়ার্ডটিতে একাধিক শিশু ভর্তি ছিল। বাকি শিশুদের চিকিৎসা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা বলেন, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করছেন। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের পর বিস্তারিত জানানো হবে।
এর আগে হাসপাতাল সংশ্লিষ্ট সূত্রগুলো শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের গ্যাস লিকেজের সম্ভাবনার কথা জানিয়েছিল। তবে এখন পর্যন্ত কোনো কারণ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।