ছবি: সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন শিশু নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে এবং বাকি পাঁচ শিশু হামের উপসর্গে মারা গেছে।
আজ (রোববার) স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে সারা দেশে আরও ১ হাজার ২৭৪ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। নতুন করে হাম শনাক্ত হয়েছে ২৪৩ শিশুর শরীরে। এ নিয়ে মোট আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫১৭ জনে।
মৃতদের মধ্যে নিশ্চিতভাবে হাম আক্রান্ত শিশুটি বরিশালে মারা গেছে। আর হামের উপসর্গে ঢাকায় ৩ জন, সিলেটে ১ জন এবং ময়মনসিংহে ১ জন শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মোট ৩৮৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৭৫ শিশু। এ হিসেবে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৪৫৯ জনে।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ৫৭ হাজার ৮৪৬ শিশুর শরীরে। এর মধ্যে ৪২ হাজার ৯২ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৩৭ হাজার ৭৪৪ শিশু চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।